নভেম্বর ১১, ২০২৬, ০৬:৪১ পিএম
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা বলে জানানো হয়েছে। মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও এ সময় জব্দ করা হয়। বুধবার সকালে টেকনাফের সাবরাং সংলগ্ন নাফ নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আব্দুল হামিদের ছেলে নুর মোহাম্মদ এবং মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান চালান।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকালের দিকে টেকনাফের সাবরাং আলোগোলা জোড়া এলাকা-সংলগ্ন নাফ নদীতে অভিযানটি পরিচালিত হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।
আটককৃত বোটে তল্লাশি চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বোটটিতে থাকা দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার আরফাত হোসেন জানান, আটক মাদক পাচারকারী, জব্দ করা বোট ও উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য কারবারি ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন