সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে ১৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আবু সালেহ মো. রায়হান

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৪৯ পিএম

পঞ্চগড়ে ১৯ লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম আজাদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের লিচুতলা এলাকায় এসএ পরিবহন প্রাইভেট লিমিটেডের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আবুল কালাম জেলার বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সেনপাড়া আরাজী গাইঘাটা এলাকার হাতেম আলীর পুত্র। তিনি পেশায় একজন মোটর শ্রমিক।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি বড় চালান পঞ্চগড়ে এসেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হোসেনের নেতৃত্বে একটি দল এসএ পরিবহনের সামনে অবস্থান নেয়।

আবুল কালাম কুরিয়ার থেকে পার্সেলটি গ্রহণ করে বাইরে আসতেই তাকে আটক করা হয়। পরে পার্সেল খুলে ভেতর থেকে ৪৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ ২০ হাজার টাকা।ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মোটর শ্রমিকের আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।উল্লেখ্য, পুলিশের কোনো কর্মকর্তা এই অভিযানে ক্যামেরার সামনে কথা বলেননি। তবে আগামীকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার (এসপি) সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মাদক উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করবেন বলে জানা গেছে।