ডিসেম্বর ২৭, ২০২৫, ১১:৩২ এএম
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২ জন।
নিহতরা হলেন—যশোরের মনিরামপুর উপজেলার চালতি বাড়ি এলাকার বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তাঁর বোন বিউটি বেগম (৩০) এবং নিকটাত্মীয় নিশান (২৩)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, যশোর থেকে এক রোগীকে নিয়ে তারা অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন।
পথে মনসুরাবাদ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি খুলনাগামী ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে গেছে।দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৩০) এবং রোকাইয়া বেগম (৪০) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এর মধ্যে রোকাইয়া বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তদন্তকারী পুলিশ অফিসার (এসআই) সোহেল রানা জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এই সংঘর্ষ ঘটেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন