রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুমিল্লার যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:১৯ পিএম

কুমিল্লার যে আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ

ঢাকা-১০ আসনের পর এবার নিজের জন্মস্থান কুমিল্লা থেকেও সংসদ নির্বাচনে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর পক্ষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়েছিল গত বুধবার (২৪ ডিসেম্বর), যা শুক্রবার রাতে জানাজানি হয়।

মনোনয়নপত্রের বিস্তারিত আসন কুমিল্লা-৩ (মুরাদনগর)। সংগ্রহকারী রমজানুল করিম (জাতীয় নাগরিক পার্টির কর্মী)।

রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা মুরাদনগরের আকবপুর উল্লেখ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক জানিয়েছেন, আসিফ মাহমুদ নিজেই তাঁদের কাছে এনআইডি পাঠিয়েছেন এবং তাঁর আগ্রহেই এই ফরম সংগ্রহ করা হয়েছে। জোটগত রাজনীতির নাটকীয় কোনো সিদ্ধান্তের কথা মাথায় রেখে একাধিক আসনে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন আসিফ মাহমুদ। সেখানে তিনি ইতোমধ্যে ভোটার হয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। এখন মুরাদনগরে ফরম তোলায় তিনি শেষ পর্যন্ত কোনো আসন থেকে লড়বেন বা দুই আসনেই লড়বেন কি না, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন গুঞ্জন শুরু হয়েছে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিষয়টি পরিষ্কার হবে।