রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:৪৬ পিএম

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি

আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে সিলেটে বিশাল অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও সিলেট ইনকিলাব মঞ্চের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে শাবিপ্রবির বিপুলসংখ্যক শিক্ষার্থী ছাড়াও সিলেটের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ‘উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস’সহ হাদি হত্যার বিচার দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় বিপ্লবী শহীদ হাদির খুনিদের শনাক্ত করে দ্রুত ফাঁসির দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম, সদস্য সচিব হীরা আক্তার, যুগ্ম-আহ্বায়ক মাহবুব হাসান অনু, রাকিবুল হাসান এবং দপ্তর সম্পাদক শুয়াইব আহমেদ চৌধুরীসহ অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলরা। এছাড়াও ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়ক আলতাফুর রহমান তাসনিম, মোস্তাফিজুর রহমান রায়হানসহ অসংখ্য নেতাকর্মী সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক যোদ্ধা। তাঁকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, অবিলম্বে হাদির খুনিদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় শাহবাগ থেকে শুরু হওয়া এই আন্দোলন সারাদেশে আরও তীব্র রূপ নেবে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। তাঁর মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।