জানুয়ারি ৪, ২০২৬, ১২:২৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এই ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিলকৃত হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে যাচাই শেষে মজিবুর রহমান মঞ্জুর প্রার্থিতা বৈধ বলে বিবেচিত হয়েছে।
মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্জু বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন আমরা করছি।
নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে চাই। আশা করি, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফেনীবাসী তাদের যোগ্য প্রতিনিধি বেছে নিতে পারবেন।মজিবুর রহমান মঞ্জু বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ অন্যতম শীর্ষ নেতা হিসেবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া মঞ্জুর প্রতি সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র জমা দেননি।
এবি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মজিবুর রহমান মঞ্জুর গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর শর্শদী গ্রামে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এই নেতা এবার নিজ জন্মস্থান থেকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার লক্ষে নির্বাচনী লড়াইয়ে নামছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন