অক্টোবর ২৩, ২০২৬, ০২:৫২ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি পুরোপুরি সুস্থ রয়েছেন এবং স্বাভাবিকভাবেই নিজের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। জনসমক্ষে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ার কারণ হিসেবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে।
দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মাজিদ হাকিম এলাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য স্পষ্ট করেছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এলাহি জানান, সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছেন। গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মুজতবা খামেনির প্রায় সাত থেকে আট ঘণ্টা দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশটির পার্লামেন্টের স্পিকারও তার সঙ্গে সরাসরি দেখা করে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করেছেন।
বাবার জানাজায় মুজতবা উপস্থিত ছিলেন না বলে বিভিন্ন মহলে যে আলোচনা চলছিল, তাও নাকচ করে দিয়েছেন এই কূটনীতিক।
এলাহি বলেন, নিরাপত্তার কঠোর বাধ্যবাধকতার কারণে তিনি সে সময় গণমাধ্যমের ক্যামেরার সামনে আসেননি এবং সাধারণ মানুষ তাকে দেখেনি। কিন্তু তিনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিয়েছিলেন। ওই সময় তিনি নিজে ইরানে উপস্থিত ছিলেন এবং মুজতবার দুই ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সেখানে মুজতবা খামেনির উপস্থিতিও নিশ্চিত করেন।
তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তার প্রয়োজনে দিনের বেলা প্রকাশ্যে না এলেও মুজতবা খামেনি কখনো কখনো রাতের বেলায় স্বাভাবিকভাবে বাইরে বের হন এবং সাধারণ মানুষের সমাবেশেও উপস্থিতি বজায় রাখেন।
অন্যদিকে ইরানের নেতৃত্ব নিয়ে ভিন্ন সুর তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুর দিকে তিনি দাবি করেছিলেন, যুদ্ধের পরিস্থিতিতে তেহরানের শাসনভার আসলে কার হাতে রয়েছে, তা স্পষ্ট নয়। ট্রাম্প মন্তব্য করেন, দেশটির শীর্ষ এবং দ্বিতীয় সারির নেতারা সরে যাওয়ার পর আসলে কে রাষ্ট্র চালাচ্ছে তা বোঝা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে ইরানি কূটনীতিক জানিয়েছেন, মুজতবা খামেনির নেতৃত্বেই তেহরানের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ সক্রিয় রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন