সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা গ্রেপ্তার ১

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০৪:৩৬ পিএম

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। বৃহস্পতিবার র‍্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার সাভার থানার একটি বেসরকারি প্রতিষ্ঠানের এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাকিন সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে বলে জানা গেছে।

ঘটনার বিবরণ দিয়ে র‍্যাব জানায় গত ২৮ ডিসেম্বর বিকেলে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে একটি সিএনজি অটোরিকশার ভেতরে বসে ছিলেন।

ঠিক সেই সময় হঠাৎ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনেই রিয়াদকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পিতা রেজাউল করীম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাকিনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই প্রধান আসামি সাকিন আত্মগোপনে চলে যান। র‍্যাব তার অবস্থান শনাক্ত করতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জানুয়ারি সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। কলেজছাত্র রিয়াদ হত্যার এই ঘটনায় স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল এবং এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে।