জানুয়ারি ৯, ২০২৬, ০৮:০৬ পিএম
রাজধানী ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া রাস্তার মোড়ে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুর রহমান (৩০)। তিনি পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম মণ্ডলের ছেলে এবং উপজেলা যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যার নেপথ্যে পূর্বশত্রুতা? পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফা ও তার পরিবারের বিরোধ চলছিল।
এই বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে শালাইপুর বাজার এলাকায় তাকে একা পেয়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।নিহতের বাবা মো. আলম মণ্ডল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে একই এলাকার মোস্তফা ও তার ছেলে ময়নুলের সঙ্গে আমাদের বিরোধ চলছে। এর আগেও তাদের নামে আমরা মামলা করেছি, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারাই আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমও নিশ্চিত করেছেন যে, গ্রাম্য দলাদলি ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ইয়ানুরকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।পাল্টা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত মোস্তফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি অভিযোগ করেন, “হত্যাকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার রাত ৩টার দিকে ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রসহ আমাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আমরা কোনোমতে প্রাণে বেঁচে যাই।
পুলিশের বক্তব্য পাঁচবিবি থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, প্রাথমিকভাবে পারিবারিক ও স্থানীয় কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া সঠিক কারণ বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।এর মাত্র একদিন আগে গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। পরপর দুই দিন বিএনপি ও অঙ্গসংগঠনের দুই নেতাকর্মী হত্যার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন