শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ১০:২৮ পিএম

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় নাছির নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে জামাল ও নাছির শাহনগর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে।

এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাছিরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত ও আহত দুজনেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ব্যবহৃত ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে তারা জামায়াতের কর্মী। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।”এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।