শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় বসতঘর পুড়ে ছাই

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১২:২৩ পিএম

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ভোররাতের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরগুলোতে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার কাইচ মালধা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার সময় কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম প্রথমে আগুন দেখতে পান।

তিনি তাৎক্ষণিক মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন।মাইকিং শুনে স্থানীয়রা দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

প্রথমে টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে সিরাজদিখান ফায়ার সার্ভিসকে ডাকা হয়। দুই উপজেলার ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।অগ্নিকাণ্ডে আলী হোসেন, জামাল হাওলাদার, শাহ আলম হাওলাদার, শাহান শাহ হাওলাদার, কাইয়ুম হাওলাদার ও আমান হোসেনের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, "কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।"