শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরলেন মিজান চৌধুরী

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ১২:২৬ পিএম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরলেন মিজান চৌধুরী

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান। দলের চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ অনুরোধ ও নির্দেশের প্রতি সম্মান জানিয়ে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

সাবেক এই উপজেলা চেয়ারম্যান জানান, সম্প্রতি দলের চেয়ারম্যান তারেক রহমান তাকে গুলশান কার্যালয়ে ডেকে পাঠান।

সেখানে দলের বৃহত্তর স্বার্থ ও ঐক্য বজায় রাখার লক্ষ্যে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়। মিজান চৌধুরী বলেন, দলের চেয়ারম্যানের নির্দেশ শিরোধার্য। তার প্রতি আনুগত্য প্রদর্শন এবং ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতেই আমি এই ত্যাগ স্বীকার করেছি।

এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। মিজানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিলন বলেন, মিজান চৌধুরী আমাদের পরিবারেরই সদস্য। তিনি দলের সম্পদ। আমি অত্যন্ত আশাবাদী যে, খুব শীঘ্রই তিনি ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠে নামবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে জয় ছিনিয়ে আনব।২০১৮ সালের নির্বাচনে এই আসনে বিএনপির হয়ে লড়েছিলেন মিজান চৌধুরী।

তখন মনোনয়ন বঞ্চিত হয়েও কলিম উদ্দিন আহমদ মিলন দলের স্বার্থে কাজ করেছিলেন। এবার পরিস্থিতি বিপরীত হলেও দুই নেতাই দলের শৃঙ্খলার প্রতি অবিচল থেকে ঐক্যের নজির গড়লেন।উপজেলা বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা মনে করছেন, মিজান চৌধুরীর এই সিদ্ধান্তের ফলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপির বিজয় রথ আরও শক্তিশালী হবে।