জানুয়ারি ১১, ২০২৬, ০১:৫৮ পিএম
ফরিদপুর শহরের জনবহুল এলাকায় উদ্ধার হওয়া একটি শক্তিশালী রিমোট কন্ট্রোল আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)-এর একটি বিশেষ দল বোমাটি নিষ্ক্রিয় করে।
গত শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের প্রাণকেন্দ্র আলীমুজ্জামান ব্রিজের (আলীপুর ব্রিজ) ওপর একটি নীল রঙের স্কুল ব্যাগ থেকে এই শক্তিশালী বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী।
জননিরাপত্তার স্বার্থে রাতেই বোমাটি উদ্ধার করে কুমার নদের পাড়ে গোয়ালচামট বিসর্জন ঘাট এলাকায় বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছিল।
রোববার সকালে এটিইউ-এর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ-এর নেতৃত্বে বিশেষ দল সেখানে পৌঁছে বুলেটপ্রুফ চাদর ও বালুর বস্তা ব্যবহার করে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান।প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে এর অংশবিশেষ প্রায় ১৫ ফুট উপরে উঠে যায়। পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, এটি একটি দূর নিয়ন্ত্রিত এবং অত্যন্ত প্রাণঘাতী আইইডি ছিল, যা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর থেকে ফরিদপুর শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, কে বা কারা জনবহুল এই স্থানে বোমাটি রেখেছিল, তা খুঁজে বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তল্লাশি বাড়ানো হয়েছে।"ঘটনাটি শহরবাসীর মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরের প্রবেশপথ ও জনসমাগমস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন