জানুয়ারি ১২, ২০২৬, ১১:০০ পিএম
কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের অন্যতম মেগা প্রকল্প মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে আগুনের শিখা প্রথম লক্ষ্য করা যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্ল্যান্টের পাশের একটি এলাকায় আগুন লাগার তথ্য পাওয়া গেছে। তবে রাত ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মূল উৎপাদন প্ল্যান্টে আগুন লাগেনি, বরং এর পাশেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা সার্বক্ষণিক তদারকি করছি যেন আগুন মূল যন্ত্রপাতির দিকে ছড়াতে না পারে।
অন্যদিকে মহেশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের `ক্র্যাব` বা বর্জ্য রাখার ভাগাড়ে এই আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি ইউনিট তলব করা হয়েছে। বঙ্গোপসাগরের কোলঘেঁষে নির্মিত এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন