মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১২:১৪ এএম

এনসিপি নেতা পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের হাতে-নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন—মেহেদী হাসান মিরাজ, আল নাঈম এবং মিরাজ গাজী। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে যে সোনাডাঙ্গা মডেল থানাধীন নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা ক্যান্সারে আক্রান্ত। তিনি উন্নত চিকিৎসার জন্য গত কয়েকদিন আগে কয়রা উপজেলা থেকে খুলনায় মেয়ের বাড়িতে আসেন। 

সোমবার দুপুরে অভিযুক্ত তিন যুবক ওই বাড়িতে প্রবেশ করেন। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার নেতা হিসেবে পরিচয় দেন। 

তারা দাবি করেন যে ওই বাড়িতে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আত্মগোপন করে আছেন এবং এই অজুহাতে তারা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিস্থিতি বুঝতে পেরে শাহনাজ পারভীন কৌশলে সোনাডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন যে আটক তিনজনের মধ্যে মিরাজ নামের একজন নিজেকে এনসিপি নেতা বলে দাবি করেছেন। 

তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি বর্তমানে অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে জেলা এনসিপি সূত্র জানিয়েছে যে আটক ব্যক্তিরা দলের কোনো আনুষ্ঠানিক পদে নেই এবং এ ধরনের চাঁদাবাজির দায় দল গ্রহণ করবে না। বর্তমানে আটককৃতদের সোনাডাঙ্গা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।