জানুয়ারি ২০, ২০২৬, ০৯:৫৩ এএম
আগামী ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি গাইবান্ধা জেলা থেকে সরাসরি বগুড়ায় পৌঁছাবেন। সোমবার সকালে এই সফর ও জনসভা সফল করার লক্ষ্যে বগুড়া জেলা ও শহর জামায়াতের এক যৌথ প্রস্তুতি সভা শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বগুড়ায় প্রবেশের পথে জামায়াত আমির প্রথমে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় একটি পথসভায় অংশ নেবেন। এরপর তিনি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এই জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক জানিয়েছেন যে আলতাফুন্নেছা মাঠে জনসভার মূল কার্যক্রম সকাল ১০টায় শুরু হবে। তবে উপস্থিত জনতাকে মাতিয়ে রাখতে সকাল সাড়ে ৯টা থেকেই দেশবরেণ্য শিল্পীরা নির্বাচনি সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান জানান যে শহরের জনসভা শেষ করে ঢাকার পথে রওনা হবেন জামায়াত আমির।
যাত্রাপথে দুপুর ১২টায় তিনি শেরপুর উপজেলায় আরও একটি পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত আমিরের এই সফর বগুড়া অঞ্চলের সাংগঠনিক ভিত্তি এবং নির্বাচনি মাঠ শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। জনসভা সফল করতে ইতিমধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ এবং ব্যাপক প্রচারণা শুরু করেছে দলটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন