মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

আমির হামজার বিরুদ্ধে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ০৩:২১ পিএম

আমির হামজার বিরুদ্ধে মামলা

প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে এই মামলাটি দায়ের করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে এই আইনি পদক্ষেপ নিয়েছেন। 

যা স্থানীয় রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির জানিয়েছেন মুফতি আমির হামজা তার বক্তব্যে আরাফাত রহমান কোকোকে ব্যাঙ্গ করেছেন। 

এই বক্তব্যের মাধ্যমে বিএনপি এবং জিয়া পরিবারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলাটি রুজু করা হয়। 

আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ প্রদান করেছেন।সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানান যে তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো যিনি ইন্তেকাল করেছেন তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার এই আপত্তিকর বক্তব্যে সারাদেশের বিএনপি নেতা ও কর্মীরা দারুণভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ। 

জিয়া পরিবারের মর্যাদা রক্ষা এবং দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের স্বার্থেই তারা আইনগতভাবে এটি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন এবং জেলা বিএনপির পক্ষ থেকে এই মামলাটি করেছেন।এখানে উল্লেখ্য যে মুফতি আমির হামজা বর্তমানে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্যের অভিযোগ উঠেছে। 

তবে এবারের এই আইনি ব্যবস্থা রাজনৈতিকভাবে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন অনেকে। আদালত সমন জারি করায় এখন আমির হামজাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। বিএনপি নেতারা বলছেন তারা এই অপমানের বিচার আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিশ্চিত করতে চান।