রবিউল এহ্সান রিপন
জানুয়ারি ২১, ২০২৬, ০১:৩৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে `হ্যাঁ` ভোট দিতে হবে। কোনো দল যদি `না` ভোটের পক্ষে অবস্থান নেয়, তবে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে সেই রক্তের সাথেই বেইমানি করছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত `গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা` শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চান, কেবল তারাই `না` ভোটের দিকে যাবেন। বর্তমানে `হ্যাঁ` ভোট নিয়ে নানাবিধ অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা যদি পরিবর্তন চান, তবে অবশ্যই `হ্যাঁ` ভোট দিন। আপনাদের হাতেই আপনাদের ভবিষ্যৎ। এই সংস্কারের সুযোগ সবসময় আসবে না।
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, "সংবিধান সরাসরি পরিবর্তন করা যাচ্ছে না বলেই আমরা জনগণের কাছে এসেছি। আপনারা যদি `হ্যাঁ` ভোটকে বিজয়ী করতে পারেন, তবে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও সংস্কারের বাইরে কিছু করতে পারবে না।"মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।