জানুয়ারি ২২, ২০২৬, ০২:৩২ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় রাজনৈতিক বিরোধের জেরে এক নারীকে নৃশংসভাবে মারধর ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শাহাবুদ্দিন স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতা হিসেবে পরিচিত।
ভুক্তভোগী হাজেরা বেগমের অভিযোগ, পছন্দের প্রতীকের (দাঁড়িয়ে পাল্লা) প্রচারণা করায় শাহাবুদ্দিন ও তার স্ত্রী এই হামলা চালায়। হামলায় হাজেরা বেগমের কান ছিঁড়ে গেছে এবং মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।
হাজেরা বেগম জানান, গত রবিবার শাহাবুদ্দিন তাকে একটি নির্দিষ্ট প্রতীকের পক্ষে কাজ করতে চাপ দেন। তিনি তা প্রত্যাখ্যান করে সোমবার সকালে নিজের পছন্দের প্রতীকের লিফলেট নিয়ে প্রচারণায় বের হলে শাহাবুদ্দিন তাকে বাধা দেন।
কথা কাটাকাটির একপর্যায়ে শাহাবুদ্দিন ও তার স্ত্রী লাইজু বেগম দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। মাকে বাঁচাতে এগিয়ে এলে হাজেরা বেগমের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকে বেধড়ক মারধর ও পেটে লাথি মারা হয়। বর্তমানে মা ও মেয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসীর অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শাহাবুদ্দিন ও তার ভাই হেলাল এলাকায় প্রভাব বিস্তার ও দখল বাণিজ্যে জড়িয়ে পড়েছেন।
এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত শাহাবুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন