রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকে চা-পাতার প্যাকেটে মিলল ৩৯১৫ পিস ইয়াবা, গ্রেফতার ১

রবিউল এহ্সান রিপন

জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৫৩ পিএম

ঠাকুরগাঁওয়ে ইজিবাইকে চা-পাতার প্যাকেটে মিলল ৩৯১৫ পিস ইয়াবা, গ্রেফতার ১

ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও জেলা শহরে ইজিবাইকের ভেতরে চা-পাতার প্যাকেটে লুকিয়ে রাখা ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাবের সামনের রাস্তায় ওত পেতে থাকে। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ইজিবাইকের পেছনের সিটের সামনে রাখা একটি চা-পাতার প্যাকেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ইয়াবা বহনকারী মো. তাউহিদ ইসলাম রতন (৩০)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রতন ঠাকুরগাঁও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মো. মিলনের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রতন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১৩ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।