রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মুন্সীগঞ্জে কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৪৯ পিএম

মুন্সীগঞ্জে কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ

সারা দেশে ভোটগ্রহণ চললেও মুন্সীগঞ্জ-৩ আসনের একটি কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ভোটারদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট চলাকালীন হঠাৎ কেন্দ্রের পাশের একটি খোলা মাঠে পরপর ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এতে ভোটকেন্দ্রে উপস্থিত ভোটার ও পোলিং এজেন্টদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে বিঘ্নিত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম বলেন, কেন্দ্রের পাশে একটি খোলা মাঠে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে কোনো অপ্রীতিকর ঘটনা নেই এবং নির্বাচন সুষ্ঠুভাবে চলছে।

এদিকে, মুন্সীগঞ্জ-৩ আসনের চরাঞ্চলগুলোর ভোটকেন্দ্র নিয়ে আগে থেকেই সহিংসতার আশঙ্কা ছিল। সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও আতঙ্কের কারণে অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন।