রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের দায়িত্ব পালন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১০:৫৫ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনসিসি ক্যাডেটদের দায়িত্ব পালন

নির্বাচনী দায়িত্বে বিএনসিসি ক্যাডেটরা। ছবি-দিনাজপুর টিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্রিয় অংশগ্রহণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। দেশব্যাপী আয়োজিত এই নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে বাহিনীর সদস্যরা সফলভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করেছেন। 

নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সমূহে বিএনসিসির ক্যাডেট ও কর্মকর্তারা নির্বাচনী কার্যক্রমে সরাসরি সহযোগিতা প্রদান করেন।

এই বিশাল কর্মযজ্ঞে বিএনসিসির অধীনে থাকা পাঁচটি প্রধান রেজিমেন্ট অংশ নেয়। এগুলো হলো রমনা রেজিমেন্ট (ঢাকা), ময়নামতি রেজিমেন্ট (কুমিল্লা), কর্ণফুলী রেজিমেন্ট (চট্টগ্রাম), সুন্দরবন রেজিমেন্ট (খুলনা) এবং মহাস্থান রেজিমেন্ট (রাজশাহী)। এই রেজিমেন্টগুলোর অধীনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী শাখার মোট ১ হাজার ৪০৮ জন ক্যাডেট দায়িত্ব পালন করেন। 

তাদের সঙ্গে ছিলেন ৩০ জন সার্ভিস অফিসার এবং ৫১৪ জন বিএনসিসিও, পিইউও, সামরিক প্রশিক্ষক ও বেসামরিক কর্মচারী। ক্যাডেটদের এই অংশগ্রহণ নির্বাচনী ব্যবস্থাপনায় বিশেষ সহায়তা প্রদান করেছে।বিশেষ করে উত্তরাঞ্চলের নির্বাচনী কার্যক্রমে ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ব্যাটালিয়ন কমান্ডার মো. আশরাফ আলীর তত্ত্বাবধানে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী এবং পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তার চাহিদাপত্র অনুযায়ী ক্যাডেটদের নিয়োগ করা হয়। 

মোট চার সেকশন ক্যাডেট এই চারটি জেলার জেলা কন্ট্রোল রুমে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। নির্বাচনী দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট জেলাসমূহের বিএনসিসিও, পিইউও এবং সামরিক স্টাফরা উপস্থিত থেকে ক্যাডেটদের সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বিএনসিসির এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা ও গতিশীলতা আনয়নে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে।