রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:২৬ পিএম

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রথম জুমার ভিড় বায়তুল মোকাররমে

পবিত্র রমজান মাসের প্রথম জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল নেমেছে। রহমতের দ্বিতীয় দিনে এই বিশেষ জুমায় নামাজ আদায়ের লক্ষ্যে শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম বায়তুল মোকাররমে সমবেত হতে থাকেন। নামাজের নির্ধারিত সময়ের অনেক আগেই মসজিদের মূল ভবন ও বারান্দা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায় বেলা সাড়ে ১১টার পর থেকেই নানা বয়সী মানুষের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে মসজিদ চত্বর। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় শত শত মুসল্লি মসজিদের উত্তর ও দক্ষিণ ফটক সংলগ্ন সিঁড়ি এবং খোলা জায়গায় কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন। 

যারা ভেতরে জায়গা পাননি তারা তীব্র রোদ উপেক্ষা করেই বাইরে জায়নামাজ বিছিয়ে জুমার জামাতে শরিক হন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জুমার নামাজকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও লক্ষ্য করা গেছে। 

দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা জানান রমজানের প্রথম জুমা জাতীয় মসজিদে পড়ার আলাদা ধর্মীয় গুরুত্ব ও আবেগ কাজ করে বিধায় তারা প্রতিবারই এখানে আসেন। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মসজিদ কমিটির পক্ষ থেকেও বিভিন্ন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।