শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৬:৪৩ পিএম

সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মুক্তিযোদ্ধার শেষ বিদায়

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার তুলসী কান্তি রাউত নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার ভোগপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত তুলসী কান্তি রাউত মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার এবং কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলার চান্দপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত যতীন্দ্র চন্দ্র রাউতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।শুক্রবার দুপুর আড়াইটায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ এবং কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান। 

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইল মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সম্মাননা শেষে তাকে পৌর এলাকার ঘোষপাড়া কেন্দ্রীয় শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।