ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:৩৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিটি সেখানে সবার উদ্দেশ্যে পাঠ করে শোনানো হয়।সংবাদ সম্মেলনে রোবাইয়াত ফাতিমা তনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় নারী নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
জামায়াতের ঘোষিত নীতি অনুযায়ী কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি কিংবা প্রধান বিচারপতি হতে পারবেন না বলে তারা উল্লেখ করেছেন। তনি দাবি করেন,
জামায়াতের এই অবস্থান বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ এর সরাসরি লঙ্ঘন। কারণ গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সেই দলের নিবন্ধন বাতিলযোগ্য।লিখিত বক্তব্যে আরও জানানো হয়, রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণের অধিকার কেড়ে নেওয়া একটি চরম অসাংবিধানিক আদর্শ। নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপসের বিষয় হতে পারে না।
এই পরিস্থিতিতে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া আমিরের দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য প্রচলিত আইনে তার বিচার নিশ্চিত করা এবং তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একইসাথে নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনি অবস্থানে থাকার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন