মার্চ ৮, ২০২৬, ০২:৩৭ পিএম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে পাচার রোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে এই বিশেষ তল্লাশি ও টহল কার্যক্রম শুরু করে।বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় জ্বালানি তেল পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নতুন করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব স্থানে সন্দেহভাজন যানবাহন ও মালামাল নিবিড়ভাবে তল্লাশি করা হচ্ছে।
পাশাপাশি বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগেজ তল্লাশির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।দেশের অমূল্য জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার ইউনুস আলী জানান, পাচার রুখতে বিজিবি সদস্যরা দিনরাত কাজ করছেন।
পাচারের সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তবর্তী জনসাধারণকেও এ বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন তেল পাচার করতে না পারে, সেটি নিশ্চিত করাই এই অভিযানের প্রধান লক্ষ্য।
পঞ্চগড়ের বিস্তীর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাচালান রোধে বিজিবির এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা স্থানীয়দের মধ্যেও স্বস্তি এনেছে। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ টহল ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার বন্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না বলেও তারা হুশিয়ারি দেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন