রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করল শ্রমিকরা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৭:১৮ পিএম

নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করল শ্রমিকরা

মহাসড়কে শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় ভুঁইয়া ফেব্রিক্স নামক কারখানার শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। 

এর আগে একাধিকবার পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তারা দাবি করেন।বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ওই কারখানায় প্রায় চারশ শ্রমিক কাজ করেন। 

বুধবার সকালে কাজে যোগ দেওয়ার পর তারা জানতে পারেন যে মালিকপক্ষ বকেয়া বেতন ও বোনাস ১৮ মার্চ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয় এবং তারা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

এতে সাধারণ যাত্রী ও চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের পাওনা পরিশোধের নতুন আশ্বাস প্রদান করে। এই আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন।

 

দুপুরের পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ জানান, মালিকপক্ষ বেতন দেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস দেওয়ায় শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।