বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সচল

জাতীয় ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১১:৩১ এএম

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট সচল

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র

জাতীয় গ্রিড লাইনে আকস্মিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের মধ্যে একটির উৎপাদন পুনরায় শুরু হয়েছে। শুক্রবার দুপুরে যান্ত্রিক বিপর্যয়ে ৪৫০ মেগাওয়াট ও ৪০০ মেগাওয়াট ক্ষমতার দুটি বড় ইউনিট বন্ধ হয়ে যায়। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নর্থ ইউনিটটি রাত সোয়া ৮টার দিকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। 

তবে ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিটটি সচল করতে অন্তত তিন দিন সময় লাগবে বলে জানিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ। অন্যদিকে গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকা অন্য একটি ছোট ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ায় জাতীয় গ্রিডে কিছুটা স্বস্তি ফিরেছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ও কারিগরি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে গ্রিড লাইনের সঙ্গে যুক্ত ৪৫০ মেগাওয়াট ক্ষমতার নর্থ এবং ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিটটি হঠাৎ ট্রিপ করে বন্ধ হয়ে যায়। 

ঘটনার পরপরই বিদ্যুৎকেন্দ্রের দক্ষ প্রকৌশলী ও কারিগরি দল ইউনিট দুটি সচল করতে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় পৌনে ৬ ঘণ্টা নিবিড় মেরামতের পর নর্থ ইউনিটটি সচল করা সম্ভব হয় এবং সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক মোহা. আব্দুল মজিদ জানান, গ্রিড লাইনের সমস্যার কারণে দুটি গুরুত্বপূর্ণ ইউনিট একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল। ত্রুটি সারানোর পর একটি ইউনিট চালু করা সম্ভব হলেও কারিগরি কারণে ৪০০ মেগাওয়াট ক্ষমতার ইস্ট ইউনিটটি চালু করতে সময় লাগছে। 

এটি পুনরায় সচল করতে অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তবে এই সময়ের মধ্যে ঘাটতি মেটাতে ইস্ট ইউনিটের জন্য বরাদ্দ করা গ্যাস ব্যবহার করে ৫০ মেগাওয়াটের আরেকটি ছোট ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।