বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

আবু সালেহ মোঃ রায়হান

মার্চ ১৪, ২০২৬, ০২:৪৪ পিএম

তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চেয়ারম্যানের সংবাদ সম্মেলন -ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঘুষ দাবি ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলেছেন শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। শনিবার (১৪ মার্চ) দুপুরে শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। 

তবে ইউএনও এসব অভিযোগকে সম্পূর্ণ ‍‍`ভিত্তিহীন‍‍` বলে উড়িয়ে দিয়েছেন।সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আশরাফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে তিনটি মামলা থাকলেও স্থানীয় সরকার বিভাগ তাকে এখনও বহিষ্কার করেনি। তিনি জামিনে মুক্তি পেয়ে নিয়মিত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। 

কিন্তু ইউএনও আফরোজ শাহীন খসরু বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে টাকা ছাড়া স্বাক্ষর করেন না এবং তাকে প্রশাসনিকভাবে হয়রানি করছেন।

 এমনকি টিসিবি কার্যক্রমের তালিকা প্রস্তুত ও প্রচারণার ক্ষেত্রে চেয়ারম্যানের নাম ব্যবহার না করার জন্য ইউএনও মৌখিক নিষেধাজ্ঞা দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।চেয়ারম্যান আরও বলেন, "আমি বৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। প্রকল্পের টাকা ছাড় পেতে হয়রানি করা হচ্ছে, যা জনস্বার্থবিরোধী।" বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জানান, চেয়ারম্যানের আনা সকল অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। সরকারি নিয়ম মেনেই সকল প্রকল্পের কাজ ও বিল ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কারও বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ বা হয়রানির কোনো সুযোগ নেই। টিসিবি বা ভিজিএফ কার্যক্রমে নিয়ম অনুযায়ী যা করার, প্রশাসন তাই করছে।তেঁতুলিয়ায় একজন উচ্চপদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধির এই প্রকাশ্য বিরোধ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।