মার্চ ১৬, ২০২৬, ১১:৪০ এএম
নোয়াখালীর হাতিয়া উপজেলায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা। সোমবার (১৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের ঘরে ঘরে গিয়ে ঈদের খুশি ভাগ করে নিয়েছেন এই তরুণরা।
বন্ধু-বান্ধবদের নিজস্ব তহবিল এবং প্রবাসে থাকা সহপাঠীদের বিশেষ সহযোগিতায় এবার ষষ্ঠবারের মতো এই মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ২০২০ সালে করোনা মহামারির কঠিন সময়ে যখন সাধারণ মানুষের জীবন থমকে গিয়েছিল, তখন মানবিক দায়বদ্ধতা থেকে নিজেদের ঈদের কেনাকাটার টাকা বাঁচিয়ে এই কার্যক্রম শুরু করেছিলেন জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় পরিসরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এই মানবিক উদ্যোগকে আরও সুসংগঠিত ও টেকসই করতে তাঁরা `সহমর্মিতায় শক্তি, উন্নয়নে ঐক্য` স্লোগানকে সামনে রেখে "রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডিও)" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু করেছেন। সংগঠনের অন্যতম উদ্যোক্তা জয়দেব চন্দ্র দাস বলেন, "আমাদের এই ছোট প্রচেষ্টা এখন একটি স্থায়ী প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। সবার সহযোগিতা থাকলে আমরা শিক্ষার উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় আরও বড় ভূমিকা রাখতে পারব।
আমজাদ হোসেন রনি ও রফিকুল ইসলাম রকি জানান, ঈদ উপহার বিতরণের পাশাপাশি ভবিষ্যতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করাই তাঁদের মূল লক্ষ্য। হাতিয়ার স্থানীয় বাসিন্দারা তরুণদের এই মানবিক ও সুসংগঠিত কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন