রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সাঘাটায় ছাত্রদল নেতা সোহেল রানার উদ্যোগে গণ ইফতার

মোস্তাফিজুর রহমান

মার্চ ১৭, ২০২৬, ১১:১৮ পিএম

সাঘাটায় ছাত্রদল নেতা সোহেল রানার উদ্যোগে গণ ইফতার

সাঘাটায় গণ ইফতার মাহফিল। ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রদল নেতা সোহেল রানার ব্যক্তিগত উদ্যোগে বিশাল গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই গণ ইফতার অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা এবং সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ইফতারের গুরুত্ব এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুজ্জামান রবিনসহ উপজেলা ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজক ছাত্রদল নেতা সোহেল রানা জানান, নেতাকর্মীদের মধ্যে সংহতি বাড়ানো এবং পবিত্র রমজানের শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এই গণ ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। কয়েকদিনের প্রস্তুতি শেষে সফলভাবে এই আয়োজন সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।