রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তেল নিতে এসে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে পাম্পে হামলা

রবিউল এহ্সান রিপন

মার্চ ২০, ২০২৬, ০৩:৩৫ পিএম

তেল নিতে এসে বিশৃঙ্খলা, ঠাকুরগাঁওয়ে পাম্পে হামলা

ভাঙচুর করা ফিলিং স্টেশন -ছবি-দিনাজপুর টিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় তেল নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার জেরে একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেসার্স হানিফ ফিলিং স্টেশনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় ওই সময় কয়েকশ মোটরসাইকেল চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছিলেন। 

লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে চালকদের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ৩০ থেকে ৪০ জনের একটি উত্তেজিত দল লাঠিসোটা নিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।

হামলার ঘটনায় ফিলিং স্টেশনের দুইজন কর্মচারী আহত হয়েছেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল হালিম জানান রাতে তেল নেওয়ার লাইনে চালকদের মধ্যে হঠাৎ ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই একদল লোক উত্তেজিত হয়ে পাম্পের অফিস লক্ষ্য করে হামলা চালায়। 

এতে অফিসের আসবাবপত্র ও কাঁচের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার আকস্মিকতায় পাম্পে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এই হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করেন তুচ্ছ ঘটনায় এমন বড় ধরণের ভাঙচুর আইনশৃঙ্খলার পরিপন্থী এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করা প্রয়োজন।খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।