রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তেঁতুলিয়ার বুড়া-বুড়ি মন্ডলপাড়ায় খুদে রোজাদারদের ঈদ উপহার

মোঃ সাদেকুল ইসলাম

মার্চ ২০, ২০২৬, ০৬:৩৭ পিএম

তেঁতুলিয়ার বুড়া-বুড়ি মন্ডলপাড়ায় খুদে রোজাদারদের ঈদ উপহার

শিশুদের হাতে ঈদ উপহার -ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়া-বুড়ি মন্ডলপাড়া জামে মসজিদ এলাকায় একদল তরুণের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার পবিত্র মাহে রমজানের শেষ দিনে এই ব্যতিক্রমী মানবিক কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে এলাকার মোট ৩৮ জন খুদে রোজাদারকে সংবর্ধনা ও ঈদ উপহার প্রদান করা হয় যারা এ বছর পূর্ণ ৩০টি রোজা সম্পন্ন করেছে। 

শিশুদের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হাতেও সম্মাননা হিসেবে ঈদ উপহার তুলে দেওয়া হয়।আয়োজক তরুণদের মতে এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল কোমলমতি শিশুদের রোজা পালনের প্রতি উৎসাহিত করা এবং তাদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা।

 শুধুমাত্র উপহার বিতরণ নয় বরং ভালোবাসা ও অনুপ্রেরণা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলাই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। স্থানীয় এলাকাবাসী তরুণদের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই কার্যক্রমে সবুজ, সিদ্দিক, মুজাহিদ ও লিটনসহ এলাকার অনেক স্বেচ্ছাসেবী অত্যন্ত সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।তরুণদের এই সম্মিলিত প্রচেষ্টা ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আয়োজকরা মনে করেন সমাজের বিত্তবান এবং সচেতন তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলে এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। উপহার পেয়ে খুদে রোজাদারদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান শেষে আয়োজকরা এই মহতী উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখার জন্য সবার কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।