মার্চ ২২, ২০২৬, ০৮:৩৭ এএম
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাসের ১২ জন যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পর থেকে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা নোয়াখালীগামী মামুন পরিবহনের বাসটি পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচের রেললাইন পার হচ্ছিল। ওই সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার টেনে জাঙ্গালিয়া স্টেশন পর্যন্ত নিয়ে যায়। এতে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল বর্তমানে উদ্ধারকাজ ও হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলক্রসিংটিতে কোনো পাহারাদার বা গেটম্যান না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাতে অন্ধকারের মধ্যে চালক ট্রেন আসার বিষয়টি বুঝতে না পারায় বাসটি লাইনের ওপর উঠে পড়ে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পরিষ্কার করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন