মার্চ ২৪, ২০২৬, ০২:২৫ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় ঝিনাইকুড়ি খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় এই খনন কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে খাল খননের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে কৃষি ও মৎস্য সম্পদে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।
মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচন পূর্ববর্তী ইশতেহার অনুযায়ী সারাদেশে বিশ হাজার কিলোমিটার খাল ও নদী খননের বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে।
এই প্রকল্পের সূচনা হয়েছিল দিনাজপুরের সাহাপাড়ায়। এরই ধারাবাহিকতায় গতকাল ঠাকুরগাঁওয়ে এবং আজ পঞ্চগড়ের বোদা উপজেলায় এই খনন কাজের উদ্বোধন করা হলো। তিনি আরও জানান, এই প্রকল্পের ফলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং নদীতে সারা বছর পানির প্রবাহ বজায় থাকবে। এতে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি মাছ চাষের নতুন সুযোগ তৈরি হবে। এছাড়া নদীর দুই ধার দিয়ে সাধারণ মানুষের চলাচলের জন্য পথ তৈরি করা হবে এবং দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে ঝিনাইকুড়ি খাল খনন কাজের সূচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা: শুকরিয়া পারভীন ও পুলিশ সুপার রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশুতোষ চন্দ্র বর্মনসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও সুধীসমাজ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন