মোঃ শহিদুল ইসলাম
মার্চ ২৬, ২০২৬, ১২:০২ এএম
অভিযানে ব্যবসায়ীর জরিমানা ছবি-দিনাজপুর টিভি
নীলফামারীতে খোলা বাজারে অবৈধভাবে এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মোড় এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক যৌথ অভিযানে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে দেখা যায়, দারোয়ানী টেক্সটাইল মোড়ের একটি দোকানে কোনো প্রকার বৈধ লাইসেন্স ছাড়াই খোলা অবস্থায় পেট্রোল মজুত করা হয়েছে।
একই সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা হাতিয়ে নিচ্ছিলেন। সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় অভিযুক্ত দোকানিকে দোষী সাব্যস্ত করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোকছেদ ফকির, তিনি নীলফামারী সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মনতাজ ফকিরের ছেলে।যৌথ এই অভিযানে নীলফামারী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়াও নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুত করা ও অতিরিক্ত মুনাফা লোটা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
নীলফামারী থানা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষা করতে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে জেলা জুড়ে পুলিশের এই বিশেষ তদারকি অব্যাহত থাকবে। বিশেষ করে লাইসেন্সবিহীন দাহ্য পদার্থ বিক্রি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় জ্বালানি তেলের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে।