রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৪

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ০৮:১০ পিএম

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৪

কুমিল্লায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়েমুচড়ে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে মিয়ামি হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। 

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আব্দুল মুমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী স্টার লাইন পরিবহনটি ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পুরোপুরি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। 

হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধারে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে এবং তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন জানান, দুর্ঘটনার পরপরই ওই এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছে। পুলিশ এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং বেপরোয়া গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।