রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজারকে হত্যার অভিযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৯, ২০২৬, ০৯:১৯ এএম

তেল না পেয়ে ট্রাকচাপায় পাম্পের ম্যানেজারকে হত্যার অভিযোগ

ঘটনাস্থলে তদন্তে পুলিশ

নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে বাগ্‌বিতণ্ডার জেরে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার তুলারামপুর রেল সেতুর নিচে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নাহিদ সরদার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। 

এই ঘটনায় নিহতের সহকর্মী জিহাদুল মোল্যা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফিলিং স্টেশনের প্রত্যক্ষদর্শী কর্মচারীরা জানিয়েছেন যে গত রাতে সুজাত নামের এক ট্রাকচালক তেল নিতে পাম্পে আসেন। তেল দেওয়াকে কেন্দ্র করে ম্যানেজারের সাথে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই চালক ম্যানেজারকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে সরে যান। 

তবে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ট্রাকচালক পাম্প এলাকা ত্যাগ না করে সেখানেই অবস্থান করছিলেন। রাত সোয়া দুইটার দিকে নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোটরসাইকেলে করে পাম্প থেকে বের হলে ট্রাকটি দ্রুত গতিতে তাদের ধাওয়া করে এবং এক পর্যায়ে পেছন থেকে সজোরে চাপা দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে যে ট্রাকের প্রচণ্ড ধাক্কায় নাহিদ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে দাবি করে স্থানীয় এলাকাবাসী ও নিহতের সহকর্মীরা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী গণমাধ্যমকে জানিয়েছেন যে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক সুজাত ও ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করে আটক করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।