বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ পরিবারের সব পুড়ে ছাই হলেও অক্ষত পবিত্র কোরআন

​শহিদুল ইসলাম

মার্চ ৩১, ২০২৬, ০২:২৪ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ পরিবারের সব পুড়ে ছাই হলেও অক্ষত পবিত্র কোরআন

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ছবি-দিনাজপুর টিভি

নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার নিয়ামতপুর ভজে পাড়া মহল্লায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতবাড়ি ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সেই ধ্বংসস্তূপের মাঝে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ভজে পাড়া এলাকায় সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে সংলগ্ন বসতবাড়িগুলোতে আগুন লেগে যায়। 

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই অগ্নিকাণ্ডে ওই এলাকার ৬টি দরিদ্র পরিবারের শোবার ঘর, রান্নাঘর, মজুদকৃত ধান-চাল এবং প্রয়োজনীয় আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।এদিকে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘরের টিন ও কাঠের আসবাবপত্র পুড়ে কয়লা হয়ে গেছে। তবে ধ্বংসস্তূপ সরানোর সময় দেখা যায়, একটি ভস্মীভূত ঘরের ভেতর থাকা পবিত্র কোরআন শরীফটি একদম অক্ষত অবস্থায় রয়েছে। 

আগুনের লেলিহান শিখা চারপাশের সবকিছু জ্বালিয়ে দিলেও পবিত্র গ্রন্থটির একটি পাতাও স্পর্শ করতে পারেনি। এই অলৌকিক ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক মানুষ তা এক নজর দেখার জন্য ভিড় জমান।ক্ষতিগ্রস্তদের একজন মোকসেদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগায় কোনোমতে পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বের হতে পেরেছি। কিন্তু ঘরের ভেতরে থাকা আসবাবপত্র বা নগদ টাকা-পয়সার কিছুই বের করা সম্ভব হয়নি। 

চোখের সামনেই সবকিছু পুড়ে গেল। আমরা এখন সবকিছু হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। বর্তমানে খোলা আকাশের নিচে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।সব হারিয়ে নিঃস্ব হওয়া এই পরিবারগুলো বর্তমানে চরম সংকটে দিনাতিপাত করছে। ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আর্থিক সহায়তা ও ত্রাণ প্রদানের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।