আগস্ট ১৫, ২০২৬, ০৫:৫২ পিএম
সংগঠন পরিচালনা ও দেশের বর্তমান সংকট মোকাবিলায় জামায়াতে ইসলামীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নীলফামারীর সৈয়দপুরে একটি স্থানীয় মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম এই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন।
দায়িত্বশীলদের গঠনমূলক ভূমিকা পালনের ওপর জোর দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি জ্ঞান, প্রজ্ঞা ও আদর্শের চর্চার মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার পাশাপাশি পরিবার গঠনের প্রতিও নজর দেওয়ার তাগিদ দেন তিনি।
বর্তমান সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে অনাগ্রহ দেখাচ্ছে। এর প্রতিবাদে এবং জনগণের দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রোডমার্চসহ আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এসব কর্মসূচি সফল করতে স্থানীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষাশিবিরে বিষয়ভিত্তিক আলোচনায় আরও অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আব্দুল হাকিম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন