বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

নোয়াখালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ১১:২৯ এএম

নোয়াখালীতে নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস

নোয়াখালীর চাটখিল উপজেলায় একটি বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। সাধারণ পানি তোলার এই নলকূপের মুখে দিয়াশলাই বা লাইটার ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে চরম কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঘটনার সূত্রপাত স্থানীয় সূত্রে জানা গেছে, বৈকুণ্ঠপুর গ্রামের সুরের বাড়ির আব্দুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নতুন নলকূপ স্থাপন করেন। কিন্তু স্থাপনের পর থেকেই নলকূপটি দিয়ে তোলা পানির সঙ্গে উৎকট গন্ধ আসছিল। 

গন্ধে পানি পানের অনুপযোগী হয়ে পড়ায় বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। গত শুক্রবার (৩ এপ্রিল) সন্দেহ দূর করতে আব্দুল মতিন নলকূপের মুখে লাইটার জ্বালান। 

মুহূর্তেই সেখান থেকে নীলচে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এরপর এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।আতঙ্কে এলাকাবাসী গৃহকর্তা আব্দুল মতিন জানান, "নলকূপটি বসানোর পর থেকেই পানির সঙ্গে অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম। পানি মুখে নেওয়া যাচ্ছিল না। পরে সন্দিহান হয়ে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করতেই দেখি আগুন জ্বলছে। এটি দেখতে উৎসুক জনতা প্রতিদিন ভিড় করছে, তবে আমাদের পরিবার বেশ আতঙ্কে আছে। সরকারের কাছে অনুরোধ, তারা যেন দ্রুত কারিগরি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে দেখেন এখানে আসলে খনিজ গ্যাসের মজুত আছে কি না।

প্রশাসনের বক্তব্য এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, "সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক বিভাগ বা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সেখানে বিশেষজ্ঞ পাঠানোর ব্যবস্থা গ্রহণ করব যাতে স্থানীয়দের আতঙ্ক দূর হয়।"

উল্লেখ্য, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ইতিপূর্বেও গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাসের সন্ধান পাওয়ার নজির রয়েছে। তবে এটি পকেট গ্যাস নাকি কোনো বিশাল খনিজ ক্ষেত্রের অংশ, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞদের চূড়ান্ত মতামতের অপেক্ষা করছে চাটখিলবাসী।