এপ্রিল ১৩, ২০২৬, ০৩:৪৩ পিএম
পঞ্চগড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট। সোমবার দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। ঝড়ে ঘরবাড়ি ও মালামাল হারানো অসহায় মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোকে তিনি মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সভাপতির পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা উপস্থিত থেকে এই কার্যক্রমের সমন্বয় করেন।
সহায়তা বিতরণকালে রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সহ-সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা মো. মফিজ উদ্দীন এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও ইউনিটের কার্যকরি সদস্য মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও দুর্যোগকবলিত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে একটি করে হাইজিন পার্সেল দেওয়া হয়েছে।
এর মধ্যে ছিল গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি প্যাড, টয়লেট টিস্যু, টয়লেট ব্রাশ ও নখ কাটার যন্ত্র। এ ছাড়াও টুথ পেস্ট, ব্রাশ, হাত ধোয়ার তরল সাবান, হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক, নারিকেল তেল, চিরুনি ও তোয়ালে প্রদান করা হয়েছে। গৃহস্থালি কাজের সুবিধার জন্য পরিবারগুলোকে হাড়ি-পাতিল এবং থাকার জন্য বিশেষ তাবু ও তাবু টানানোর যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
হঠাৎ কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়া পরিবারগুলো এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছে। উপকারভোগীরা জানান, এই দুর্দিনে হাইজিন পার্সেল ও রান্নার সরঞ্জাম তাদের বড় উপকারে আসবে। আয়োজকরা জানান, বর্তমানের ১০০ পরিবারের বাইরেও পর্যায়ক্রমে জেলার আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট পঞ্চগড় ইউনিটের কার্যকরী সদস্য শিশির আসাদ, হায়াতুন আলম, নাসির উদ্দিন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন