শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত

আবু সালেহ মোঃ রায়হান

এপ্রিল ১৮, ২০২৬, ০৫:৫৪ পিএম

পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত

নদী গবেষণায় লেখক কর্মশালা -ছবি-দিনাজপুর টিভি

পঞ্চগড়ের ৫০টি নদ-নদীর ওপর তথ্যসমৃদ্ধ ও গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের লক্ষ্যে বিশেষ লেখক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নজরুল পাঠাগারের ভাষা ও বিতর্ক ক্লাবের সেমিনার কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ‍‍`কারিগর‍‍` এই গবেষণা ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ করেছে। 

গুরুত্বপূর্ণ এই গ্রন্থ প্রকাশে সহযোগিতা করছে পঞ্চগড় জেলা প্রশাসন এবং জেলা পরিষদ।কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নদী ও ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী।

সভায় বক্তারা পঞ্চগড়ের নদীগুলোর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সংকট নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম। 

জেলা শিশু কর্মকর্তা আকতারুজ্জামান এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের। এ ছাড়া লেখক ও গবেষক শফিকুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার।আয়োজক কর্তৃপক্ষ জানায়, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে জেলার নদ-নদীগুলোকে বহমান রাখা এবং সেগুলোর সঠিক ইতিহাস সংরক্ষণ করা। মাঠ পর্যায়ে সরেজমিনে নদীগুলোকে চিহ্নিত করার পাশাপাশি এগুলোর ঐতিহ্য, মিথ, কৃষিতে অবদান এবং সভ্যতার বিবর্তনের চিত্র এই গবেষণায় তুলে ধরা হবে।

গবেষণার মাধ্যমে নদ-নদীগুলোকে বাঁচিয়ে রাখার একটি কার্যকর রূপরেখা এবং প্রস্তাবনা তৈরি করা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। জেলার লেখক ও গবেষকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের ফলে নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধি পাবে এবং এটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের কবি, লেখক, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পঞ্চগড়ের নদীগুলোর সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।