রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকার ১১ পাম্পে কাল থেকে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৩:৩৫ পিএম

ঢাকার ১১ পাম্পে কাল থেকে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

তেল নিতে লাগবে ফুয়েল পাস

রাজধানীর জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ মজুত রোধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ঢাকার নির্বাচিত ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ বা ডিজিটাল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এই পাস ছাড়া এখন থেকে এসব স্টেশন থেকে বাইকাররা কোনো জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন না। 

সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই নতুন নির্দেশনা জারি করেছে।মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারকারীরা নির্দিষ্ট ওয়েবসাইট (https://www.fuelpass.gov.bd/) থেকে খুব সহজেই ফুয়েল পাসের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। 

আইফোন ও অ্যান্ড্রয়েড—উভয় ব্যবহারকারীর জন্যই এই ওয়েবসাইটের মাধ্যমে কিউআর কোড জেনারেট করার সুযোগ রাখা হয়েছে। কিউআর কোড পাওয়ার পর সেটির একটি স্ক্রিনশট ফোনে সেভ করে রাখলেই চলবে। 

তবে যাদের কাছে স্মার্টফোন নেই, তারাও বিকল্প উপায়ে এই সুবিধা পাবেন। তারা যেকোনো কম্পিউটার থেকে ওই ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে কিউআর কোডটি প্রিন্ট করে (প্রয়োজনে ল্যামিনেটিং করে) সঙ্গে রাখতে পারেন। পাম্পে দায়িত্বরত কর্মীরা এই কোড স্ক্যান করার পরই কেবল তেল সরবরাহ করবেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শুধু মোটরসাইকেলই নয়, ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) ক্ষেত্রেও এই প্রক্রিয়া চালুর কাজ এগোচ্ছে। বর্তমানে ব্যক্তিগত গাড়ি রেজিস্ট্রেশনের জন্য ‘ঘ’ সিরিজ উন্মুক্ত করা হয়েছে।

এই সিরিজের সব গাড়ির মালিককে দ্রুততম সময়ের মধ্যে ফুয়েল পাসে নিবন্ধিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে অন্যান্য সিরিজের গাড়ির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগেই উন্মুক্ত করা হয়েছিল। মূলত জ্বালানি ব্যবহারে স্বচ্ছতা আনা এবং তেলের অপচয় ও পাচার রোধেই এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।

মঙ্গলবার থেকে রাজধানীর যেসব স্টেশনে ফুয়েল পাস ছাড়া তেল মিলবে না, সেগুলো হলো:

করিম এন্ড সন্স, শাপলা চত্বর।

ইউরেকা এন্টারপ্রাইজ, মহাখালী।

মাসুদ হাসান ফিলিং স্টেশন, এয়ারপোর্ট (উত্তরা)।

মেসার্স সততা অ্যান্ড কোম্পানি, তেজগাঁও শিল্প এলাকা।

মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, ইব্রাহিমপুর (মিরপুর-১৪)।

মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী, শহিদ তাজউদ্দীন আহমদ সরণি (তেজগাঁও)।

মেসার্স এস.পি. ফিলিং স্টেশন লিমিটেড, গাবতলী।

সিটি ফিলিং স্টেশন, তেজগাঁও।

সেবা গ্রীন ফিলিং স্টেশন, উত্তরা।

স্যাম অ্যাসোসিয়েটস, মিরপুর-০২।

সুমাত্রা ফিলিং স্টেশন, কালশী রোড (মিরপুর)।

সরকারি এই উদ্যোগ সফল হলে জ্বালানি তেলের ট্র্যাকিং অনেক সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রাহকদের হয়রানি এড়াতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে পাম্পগুলোতে বিশেষ স্ক্যানিং পয়েন্ট তৈরি করা হয়েছে। তাই বিভ্রান্তি এড়াতে আজই আপনার মোটরসাইকেলটি ফুয়েল পাসে নিবন্ধিত করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।