এপ্রিল ২৮, ২০২৬, ১০:৫৯ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মিজান মিয়া (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত মিজান পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে।
তিনি দীর্ঘদিন ধরে মির্জাপুরের উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে বসবাস করে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। নিজের কাজের পাশাপাশি বর্গা জমিতেও চাষাবাদ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কৃষি জমিতে কাজ করছিলেন মিজান মিয়া। এ সময় আকাশে মেঘ জমে এবং হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেঘলা আবহাওয়ার মধ্যে খোলা মাঠে অবস্থান করায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বিকেলের দিকে টাঙ্গাইলসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ছিল। খোলা জায়গায় কাজ করার সময় আকস্মিক এই বজ্রপাতে মিজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন