এপ্রিল ২৯, ২০২৬, ১০:১৯ এএম
কুমিল্লায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতে মহানগরীজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ফসল। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে হাঁটু পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মহানগরীর অনেক পরীক্ষা কেন্দ্রের ভেতরে পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের ভেজা অবস্থাতেই পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, কুমিল্লা স্টেডিয়াম সড়কে পানিতে তিনটি গাড়ি বিকল হয়ে পড়ে আছে। গুরুত্বপূর্ণ প্রায় সব সড়কই পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার সুযোগে যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে। লাকসাম রোডে ২০ টাকার ভাড়া সিএনজিচালিত অটোরিকশায় ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
জলাবদ্ধতার কারণে নগরীর সালাউদ্দিন মোড়ে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই আছে। ঈশ্বর পাঠশালার পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। এ ছাড়া মহানগরীর অনেক দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।ভোগান্তি থেকে বাদ যায়নি চিকিৎসাসেবাও। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ জানান, বৃষ্টির পানিতে হাসপাতালের পুরো ক্যাম্পাস ডুবে গেছে।
কোথাও কোথাও হাঁটুর ওপরে পানি জমে থাকায় চিকিৎসক, স্টাফ ও রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালের পাশের ড্রেনগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, জলাবদ্ধতা নিরসনে নগরীর বিভিন্ন পয়েন্টে কাজ চলছে। মেডিকেল কলেজ হাসপাতালের সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দ্রুত পানি সরানোর সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন