এপ্রিল ২৯, ২০২৬, ১১:২৪ এএম
বৈরী আবহাওয়ার কারণে দুই দফা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে এই নৌরুটে পুনরায় যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়।
ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল হয়ে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে প্রথম দফায় সকাল ৬টায় ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল।
পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে আধঘণ্টা পর সকাল সাড়ে ৬টায় পুনরায় ফেরি চালু হয়। তবে ঝড়ো বাতাসের তীব্রতা আবারও বেড়ে গেলে দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়। আকস্মিক ফেরি বন্ধের ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় থাকা যানবাহন ও যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। তবে বর্তমানে চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনের সিরিয়াল দ্রুত কমতে শুরু করেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভুইঁয়া জানান, হঠাৎ নদীতে ঝড়ো বাতাসের কারণে নিরাপত্তার স্বার্থে দুই দফায় ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছিল। সর্বশেষ সকাল সাড়ে ৯টা থেকে পারাপার শুরু হয়েছে। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এখন আর যান চলাচলে কোনো ঝুঁকি নেই বলেও তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন