শহিদুল ইসলাম
এপ্রিল ২৯, ২০২৬, ০৯:২৩ পিএম
টুপামারীতে রিকশাচাপায় শিশুর মৃত্যু।
নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নে রিকশার চাকায় পিষ্ট হয়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ইউনিয়নের টুপামারী দক্ষিণ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত শিশুটি ওই এলাকার নুরুনবীর সন্তান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে টুপামারী দক্ষিণ পাড়ার রাস্তা দিয়ে একটি রিকশা যাচ্ছিল। এ সময় শিশুটি অসাবধানতাবশত হঠাৎ দৌড়ে রাস্তার ওপর চলে এলে রিকশার নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা জানান, শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই সে মারা যায়। ৩ বছর বয়সী আদরের সন্তানকে হারিয়ে বাবা-মা বর্তমানে নির্বাক হয়ে পড়েছেন।
এই ঘটনার পর টুপামারী দক্ষিণ পাড়া এলাকায় শোকের আবহ বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নিহতের বাড়িতে ভিড় করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বর্তমানে শিশুটির মরদেহ বাড়িতেই রয়েছে।