বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ডেমরায় কারখানায় আগুনে ফায়ার ফাইটারসহ ৩ জন দগ্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৫:২৮ পিএম

ডেমরায় কারখানায় আগুনে ফায়ার ফাইটারসহ ৩ জন দগ্ধ

দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি কালি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফায়ার ফাইটারসহ তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধরা হলেন—ফায়ার ফাইটার নাঈম হোসেন (৩০), কারখানা শ্রমিক মো. সুজন (২২) ও বাবু (২৩)। 

নাঈম হোসেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরে কর্মরত। তিনি আগুন নেভানোর সময় ডান পায়ে সামান্য দগ্ধ হন। অন্যদিকে, সুজনের শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কারখানা শ্রমিক মো. সোহেল জানান, আমুলিয়া মডেল টাউনের ওই কারখানায় তাঁরা কালি তৈরির কাজ করেন। সকালে কারখানার প্রিন্টিং মেশিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করার সময় একটি আগুনের কুণ্ডলী ছিটকে সুজন ও বাবুর গায়ে লাগে। 

পরে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং বিকেলে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন সুজনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। ফায়ার ফাইটার নাঈম হোসেনের ডান পায়ে সামান্য দগ্ধ হয়েছে, তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া অপর আহত শ্রমিক বাবুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে সদর দপ্তর থেকে ডেমরায় পাঠানো ইউনিটের সদস্য ছিলেন নাঈম। সেখানে দায়িত্ব পালনকালে তিনি দুর্ঘটনার শিকার হন। বর্তমানে কারখানার আগুন নিয়ন্ত্রণে থাকলেও দগ্ধদের চিকিৎসা ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।