আগস্ট ১৭, ২০২৬, ১২:০৪ এএম
রাজধানীর ডেমরা এলাকা থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে জুয়েল ভুঞা নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরার পশ্চিম বক্সনগর এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় সন্দেহভাজন জুয়েল ভুঞার গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার হেফাজত থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ছয় ইঞ্চি লম্বা দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। অভিযান চলাকালে আরিফ চৌধুরী নামে অপর এক সন্দেহভাজন যুবককেও আটক করা হয়। বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটক ও গ্রেপ্তার ওই দুই যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেমরা অঞ্চলে এই ধরনের সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন